প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:০৩ এএম
(ভিজিট : ৯)
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে দুবাইয়ে বাংলাদেশ। দীর্ঘ সংস্করণের ম্যাচটি খেলতে মাঠে নামার আগে প্রস্তুতি সেরেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
২ দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। দুবাইয়ের আইসিসি একাডেমির ওভালে ম্যাচ ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
ম্যাচ ড্র হলেও ব্যাট-বলের প্রস্তুতি ভালোই হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার।
উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৮ রান। সৌম্য ৫৭ রানে রিটায়ার্ড আউট হন। বিপরীতে ৪৬ রান আসে সাদমানের ব্যাট থেকে।
অন্যদিকে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন মমিনুল হক-নাঈম হাসান।
তিন নম্বরে নেমে ৩৩ রান করা মুমিনুলের বিপরীতে ৩৬ রান করেন নাঈম। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৭৮.১ ওভারে ২৩৪ রানে তুলে অলআউট হয় বাংলাদেশ। আমিরাতের হয়ে ৩ উইকেট নেন জুনায়েদ সিদ্দিকী।
অন্যদিকে নিজেদের ইনিংসে ২২২ রানে অলআউট হয় আমিরাত। ফিফটি পেয়েছেন ওয়াসিম মুহাম্মদ-আফতাব আলম।
ওয়াসিমের ৬৯ রানের বিপরীতে আফতাব করেন ৫৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। তাইজুল ইসলাম নেন ৩ উইকেট।
১২ রানের লিড নিয়ে যখন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৪ রান তোলে বাংলাদেশ তখনই ম্যাচ ড্র মেনে নেয় দুই দল। এই ইনিংসে সর্বোচ্চ রান আসে মুশফিকের ব্যাট থেকে, ৪৪ রান। অন্যদিকে সাদমান করেন ৩২। মুমিনুলের ব্যাট থেকে আসে ২৪।