প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ পিএম
(ভিজিট : ১৭)
বগুড়ার শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে রাফা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফা খাতুন উপজেলার দশশিকা গ্রামের আবদুল হাকিমের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে রাফা সাইকেল নিয়ে বাড়ির বাইরে বের হয়। বেলা আনুমানিক দেড়টার দিকে সড়কের পাশে সাইকেল চালানোর সময় সে পাশের একটি পুকুরে পড়ে যায়।
একপর্যায়ে ওই সড়ক দিয়ে যাওয়া এক ব্যক্তি পুকুরের পানিতে শিশুটির চুল ভাসতে দেখে স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে রাফাকে উদ্ধার করেন। দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।