প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ পিএম
(ভিজিট : ২৫)
চট্টগ্রামে এক মতবিনিময় সভায় দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, অস্তিত্ব রক্ষা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সনাতন পার্টির নেতারা। তাঁরা বলেছেন, তাঁরা কারও দয়া চান না, চান নাগরিক হিসেবে নিজেদের ন্যায্য অধিকার।
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ সভার আয়োজন করে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা কমিটি। সভার বিষয় ছিল "সনাতনী সম্প্রদায়ের ঐক্য, অস্তিত্ব রক্ষা, জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা এবং সাংবিধানিক অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের করণীয়।" বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে হলঘর ছিল কানায় কানায় ভরা।
মূল বক্তব্যে বিএসপি (কেন্দ্রীয় কমিটি)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় বলেন, সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি। তাঁর ভাষ্য, জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা দিতে এবং সংবিধানে দেওয়া অধিকার কার্যকর করতে রাষ্ট্রকে দ্রুত কঠোর ও চোখে পড়ার মতো পদক্ষেপ নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মেঘনা ব্যাংক পিএলসি-র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও অনুকূল ট্রেডার্সের সভাপতি সজীব কুমার সিংহ (রুবেল) বলেন, অধিকার আদায়ের জন্য সম্প্রদায়কে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্ত অবস্থানে যেতে হবে। নিজেদের সংগঠিত করতে পারলে দাবিগুলো যথাযথভাবে গুরুত্ব পাবে বলে মত দেন তিনি। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নারায়ণ মজুমদার বলেন, চট্টগ্রামসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি নিতে হবে। সভায় উত্থাপিত দাবিগুলো অবিলম্বে মেনে নিয়ে প্রশাসনকে সরাসরি হস্তক্ষেপ করার দাবিও জানান তিনি।
সভা সঞ্চালনা করেন জেলা কমিটির অর্থ ও দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাংগ্রী। শেষে ধন্যবাদ জানান উপদেষ্টা শ্রীমৎ প্রণবানন্দ মহারাজ। অনুষ্ঠানে আরও ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন শর্মা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, বিএসপি আন্তর্জাতিক কমিটির সাধারণ সম্পাদক জুয়েল দাশ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, ফেনী জেলা সভাপতি সুশান্ত শর্মা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র দাশ, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক দোলন ধর, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি গৌরাঙ্গ প্রসাদ দে, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় চক্রবর্তী। এ ছাড়া সংগঠনের আরও অনেক নেতা সভায় উপস্থিত ছিলেন।