রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় যানবাহন এবং মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন অনুষদ (FCSDI)-এর উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১২তম তলার হলরুমে “Robotics, Super AI and the Future of Bangladesh: From Autonomous Car to Space Robot” শীর্ষক এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. খলিলুর রহমান।
সেমিনারে তিনি রোবোটিক্স, সুপার এআই, স্বয়ংক্রিয় যানবাহন, বুদ্ধিমান নেভিগেশন, সেন্সর ফিউশন এবং আধুনিক প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশের অনিয়মিত ও জটিল সড়কব্যবস্থায় স্বয়ংক্রিয় যানবাহন পরিচালনার চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উদ্ভাবনের সম্ভাবনা এবং দেশের অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের ভূমিকা নিয়ে তিনি তাঁর গবেষণালব্ধ অভিজ্ঞতা ও মূল্যবান মতামত তুলে ধরেন।
জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক ড. খলিলুর রহমানের রয়েছে ১৭ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের প্রথম ন্যানো-স্যাটেলাইট উদ্যোগ ব্র্যাক অন্বেষা-এর প্রধান গবেষক (Principal Investigator)। এ ছাড়া তিনি ব্র্যাক ইউনিভার্সিটি রোবোটিক্স ল্যাবের প্রতিষ্ঠাতা এবং ব্র্যাক ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর বক্তব্যে ব্র্যাক অন্বেষা, ব্র্যাকইউ ডুবুরি এবং মঙ্গল-টরি প্রকল্পসহ বিভিন্ন বাস্তবভিত্তিক উদ্যোগের অভিজ্ঞতা উঠে আসে।
সেমিনারের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা সরাসরি বক্তার সঙ্গে মতবিনিময় করেন এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অগ্রগতি, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) অধ্যাপক ড. জহিরুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। সেমিনারের সমাপনী পর্বে অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন প্রধান বক্তা অধ্যাপক ড. খলিলুর রহমানের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মানসিকতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও আয়োজনের দায়িত্বে ছিলেন আশিক আদনান ও সারোয়ার আলম, প্রভাষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন অনুষদ (FCSDI)। তাঁদের সমন্বিত উদ্যোগে অতিথি অভ্যর্থনা, সেমিনার পরিচালনা, প্রশ্নোত্তর পর্ব এবং সমাপনী কার্যক্রমসহ পুরো অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি শেষ হয় দলীয় ফটোগ্রাফি ও মধ্যাহ্নভোজের মাধ্যমে। এর মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
এ ধরনের আয়োজনের মাধ্যমে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন অনুষদ উচ্চশিক্ষা, গবেষণা, জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা এবং বাংলাদেশের ডিজিটাল ও উদ্ভাবনী অগ্রযাত্রায় অবদান রাখতে অনুপ্রাণিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।