প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম
(ভিজিট : ২)
জুলাই গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা এবং শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার ও বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে অধ্যাপক ড. জিনাত হুদার বিরুদ্ধে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।
বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সেই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ড. জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।