ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপককে নিয়োগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা হাতে ‘লালকার্ড’ নিয়ে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব কার্যক্রম শুরু করেছে। নতুন বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়ে তারা দীর্ঘদিন ধরে সংকটে রয়েছেন। তাদের পরীক্ষা আটকে আছে এবং একাডেমিক মাইগ্রেশনসহ শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় এখনো সমাধান হয়নি। এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো সিদ্ধান্ত তারা মানতে চান না। নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিজস্ব কাঠামোর মাধ্যমে পরিচালনার দাবি তাদের।
এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানতে যাচ্ছি না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য লজ্জাজনক ও দুঃখজনক।’
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দ্রুত স্কুলিং মডেলে রূপান্তর, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবিও জানিয়েছেন তারা।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে।
নতুন উপাচার্য নিয়োগের এ সিদ্ধান্তের প্রতিবাদেই রোববার সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।