বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


মেডিক্যাল-ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম  (ভিজিট : ০)
সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়া হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। কিন্তু এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে কবে, তা আমরা এখনো জানি না।

অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে যদি এইচএসসির ফল প্রকাশ করা হয়, তাহলে আমরা ডিসেম্বরের ৪ তারিখেই পরীক্ষা নিতে পারব।

অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ফল প্রকাশের আগে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব নয়। এইচএসসি ফল প্রকাশ করা হলে তারপর ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। এরপর ফল পুনর্নিরীক্ষণ থাকে।

তারপর আবেদনসহ অন্যান্য আনুষঙ্গিক কাজে প্রায় এক মাস সময় লাগবে। তারপর তো ভর্তি পরীক্ষা নিতে হবে। সেই হিসাব কষে আমরা এগোচ্ছি।

তিনি বলেন, ‘এক কথায় বললে, যদি অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ করা হয়, তাহলে ৪ ডিসেম্বর পরীক্ষা হতে পারে। আর ফল প্রকাশ পিছিয়ে গেলে আমাদেরও বাধ্য হয়েই মেডিক্যাল ভর্তি পরীক্ষা আরো পেছাতে হবে।

সে ক্ষেত্রে বুয়েট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঘোষিত তারিখগুলোও বিবেচনায় নিতে হবে। বড় জটিলতা হতে পারে।’
পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, আমরা এবারও একই দিনে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নেব। প্রশ্নপত্র প্রণয়ন ও নম্বর বণ্টনসহ আরো কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এসব চূড়ান্ত হবে।

গত বছর—অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার দুই দিন পর ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছিল। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]