বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম  (ভিজিট : ৯)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, কোনো কারণ না জানিয়ে বর্তমান উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান গণমাধ্যমকে বলেন, ‘কী কারণে আমাদের উপাচার্য স্যারকে সরানো হয়েছে, আমরা জানি না। আমরা ভিসি স্যারের পুনর্বহাল চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অংশ নেন। আবাসিক হলগুলো রাত ৮টার দিকে বন্ধ হয়ে গেলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন।

পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন। মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের প্রতিবাদেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]