বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাইফুল ইসলাম বনি। একই সঙ্গে নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের জন্য কীভাবে কাজ করতে চান, সে বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
সাইফুল ইসলাম বনি বলেন, তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান। নির্বাচিত হলে সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের সঙ্গে পরামর্শ করে বাস্তবসম্মতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করবেন তিনি।
তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব শুধু নির্বাচনের সময় ভোট চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। নির্বাচনের পরও জনগণের সুখ-দুঃখ ও প্রয়োজনের সময়ে পাশে থাকাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব। এমন একটি ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান, যেখানে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যা জনপ্রতিনিধির কাছে তুলে ধরতে পারবেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে সাইফুল ইসলাম বনি বলেন, তিনি কোনো ধরনের সংঘাত বা উত্তেজনা চান না। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তার প্রত্যাশা। জনগণ যাকে যোগ্য মনে করবেন, তাদের ভোটেই সেই প্রার্থী নির্বাচিত হবেন বলে মন্তব্য করেন তিনি।
উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সবকিছু একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। তবে স্বচ্ছতা, সদিচ্ছা ও জনগণের সহযোগিতা থাকলে ধাপে ধাপে উন্নয়ন করা সম্ভব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী, সমর্থক ও ভোটারদের দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি।
সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস. এম. সাইফুল ইসলাম কবির, রমিজ উদ্দিন, অর্থ দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, সাংবাদিক আব্দুর রহিম, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম ও শহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা এবং নির্বাচনের পর তা বাস্তবায়নের সক্ষমতাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনের সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গুজব-অপপ্রচার এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।