শিক্ষার্থীদের নানা সমস্যা, পড়াশোনার অগ্রগতি ও বিদ্যালয়ের পড়াশোনার সার্বিক পরিবেশ নিয়ে অভিভাবকদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ এহছানুল হক।
অভিভাবকদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শুনে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, ফলাফল, শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অভিভাবকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এহছানুল হক। পরে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান আরও উন্নত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানান।
এডভোকেট এহেসানুল হক বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে আছে, তাদের চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ক্লাস ও কোচিংয়ের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে হোম ভিজিট সহ একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে।
এই সেল শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, দুর্বলতা ও ফলাফল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থীকে তার সক্ষমতা অনুযায়ী এগিয়ে নেওয়া।
বিদ্যালয় সভাপতি আরও বলেন, অভিভাবকদের কাছ থেকে উঠে আসা প্রতিটি সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিদ্যালয়ের সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার পরিবেশ উন্নত করতে ভবিষ্যতেও অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হবে।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো, দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের সভাপতি সরাসরি তাদের কথা শুনে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলায় তারা আশাবাদী। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, হোম ভিজিট ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ সেল গঠনের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
তারা বলেন, নিয়মিত এ ধরনের মতবিনিময় হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় আরও বাড়বে। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানও আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।