প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ এএম
(ভিজিট : ১৮)
সরকারি কর্মকর্তাদের নির্ধারিত অফিস সময়ের গণ্ডিতে আটকে না থেকে জনসেবায় আরও মানবিক, দায়িত্বশীল ও সৃজনশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বক্তব্যে জেলা প্রশাসক স্পষ্ট ভাষায় বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারে বসে থাকাটাই একজন সরকারি কর্মকর্তার প্রকৃত দায়িত্ব হতে পারে না। জনগণের প্রতি অর্পিত দায়িত্ব কতটুকু সততা ও নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে, সে বিষয়ে প্রত্যেক কর্মকর্তাকে নিজের অন্তরাত্মার কাছেই জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গে আচরণে মানবিকতার ছাপ থাকতে হবে। প্রচলিত নিয়ম-কানুনের বাইরে গিয়েও জনসেবাকে সহজ, দ্রুত ও কার্যকর করতে নতুন উদ্যোগ ও চিন্তাভাবনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে পটিয়ার বিভিন্ন প্রান্তের অসহায় ও দুস্থ মানুষদের হাতে ঢেউটিন, হুইলচেয়ার ও আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়াসামগ্রীও হস্তান্তর করেন অতিথিরা।