মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালে এক উঠানে খেলা, এক পুকুরে দুই শিশুর মৃত্যু
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৩৬ পিএম  (ভিজিট : ১৫)
ময়মনসিংহের ত্রিশালে বাড়ির উঠানে খেলা শেষে পাশের পুকুরে কাঁদামাটি ধুতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসঙ্গে খেলতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না চার ও পাঁচ বছরের দুই শিশুর। তারা উভয়ই চাচাতো ভাই। তাদের করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সতেরো পাড়া এলাকার বাতাস।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতেরো পাড়া এলাকায় হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, সতেরো পাড়া এলাকার তরিকুল ইসলামের সাড়ে তিন বছর বয়সী ছেলে ফারহান এবং আশরাফুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে মাশরাফি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে পাশাপাশি খেলছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে কাঁদা পরিস্কার করতে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে গেলে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের সন্ধান মেলে। অচেতন অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করা হয়।

পরে স্বজনরা শিশু দুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারহান ও মাশরাফিকে মৃত ঘোষণা করেন।

দুই শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। সন্তান হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কিছুক্ষণ আগেও যারা নিষ্পাপ হাসি-খেলায় মেতে ছিল, তাদের নিথর দেহ ফিরল স্বজনদের কাছে এ দৃশ্য যেন মেনে নিতে পারছেন না কেউই।

দুটি পরিবারের জন্য আনন্দের শৈশবের মুহূর্তটিই পরিণত হয়েছে চিরদিনের কান্নায়। ছোট্ট দুই শিশুর অকাল মৃত্যুতে সতেরো পাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]