প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চট্টগ্রামে ‘প্রবাসী পল্লী’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিডিএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সভায় সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি)সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের জন্য একটি নির্দিষ্ট আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চট্টগ্রামে প্রবাসী পল্লী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিডিএর অন্যান্য প্রকল্পেও প্রবাসীদের জন্য বিশেষ কোটা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নের অন্যতম অংশীদার। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ একটি মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ। প্রবাসী পল্লী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি) বলেন, প্রবাসীদের কল্যাণে সিডিএর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সিডিএর নিয়ম-কানুন মেনে বৃহত্তর স্বার্থে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে চট্টগ্রাম প্রবাসী ক্লাব।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিভাগে বিপুল সংখ্যক প্রবাসী রয়েছেন। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি নিরাপদ আবাসন ব্যবস্থা। ‘প্রবাসী পল্লী’ প্রতিষ্ঠা হলে প্রবাসীদের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সভায় সিডিএর সদস্য প্রশাসন ও অর্থ মোঃ নুরুল্লাহ নুরী, সদস্য ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং ইঞ্জিনিয়ার জামিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম, সিনিয়র অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ টিপু, সিনিয়র স্টেট অফিসার মোঃ সাদেকুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষে আব্দুল মঈন চৌধুরী, আব্দুল মান্নান, মোঃ ইসমাইল ইমন, মোঃ দিদারুল আলম, বাহাউদ্দিন, মোঃ দিদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসীদের নিরাপদ আবাসনের স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রামে ‘প্রবাসী পল্লী’ প্রতিষ্ঠার এই উদ্যোগ প্রবাসী সমাজে নতুন আশার সঞ্চার করেছে।