‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—র্যালি, পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা
‘উপকূলে রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং ব্যক্তি, উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
রোববার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উপজেলা নির্বাহী অফিসার হাবিবউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আ. ওয়াদুদ লাভলু মুন্সি, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম, মৎস্য চাষ বিশেষজ্ঞ শিক্ষক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব।
উপকূলীয় জনপদ মোরেলগঞ্জে মৎস্য চাষ ও উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মৎস্যসম্পদের ব্যবহার, আধুনিক চাষ পদ্ধতির সম্প্রসারণ এবং সফল উদ্যোক্তাদের উৎসাহিত করা গেলে এ খাত স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তি ও উদ্যোক্তা পর্যায়ে সফল মৎস্য চাষি হিসেবে শিক্ষক মাহবুবুর রহমান, মো. আল-আমীন ও বিশ্বাস রফিকুর রহমানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মৎস্য চাষি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।