প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম
(ভিজিট : ১৪)
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নয়ন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো কাজ করতে গিয়েছিলেন আতিয়ার রহমান। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে পড়ে তার জীবনের সমাপ্তি ঘটে। দেয়ালের নিচে চাপা পড়ে আহত হন সহকর্মী নয়ন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত আতিয়ার রহমান যশোর জেলার আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল নির্মাণকাজ চলছিল। দুপুরের দিকে হঠাৎ দেয়ালের একটি বড় অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে কর্মরত আতিয়ার রহমান ও নয়ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন।
খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রবল বৃষ্টি ও উৎসুক জনতার ভিড়ের মধ্যেও উদ্ধারকর্মীরা প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে আহত নয়নকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও মানুষের ভিড়ের কারণে কিছুটা সমস্যা হলেও আমরা দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করি।”
দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তারা ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন কাঠামোর দুর্বলতা অথবা অতিরিক্ত চাপের কারণে দেয়ালটি ধসে পড়তে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”