রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও, পাশাপাশি দাফন দুই সহোদরের
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম  (ভিজিট : ১৮)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যাওয়ার এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই মাছ ধরার পর দুই ভাই পুকুরে নেমে শরীরের কাঁদা ধুতে যায়। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়। 

পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়দের চোখেও ছিল অশ্রু। এমন মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, দুপুরে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। তবে ততক্ষনে দ্ইু ভাইয়েরই মৃত্যু হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]