প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পিএম
(ভিজিট : ১৬)
পটুয়াখালীর হাজিরহাট এলাকার কথিত মাদক কারবারি, চাঁদাবাজ ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত আজাহার উদ্দিন খানের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকরা।
শনিবার দুপুরে হাজিরহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আজাহার উদ্দিনের বিরুদ্ধে হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন রেজা, ইসলামি আন্দোলন আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি ওমর ফারুক ডাকুয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম বিপ্লব, ইত্তেহাদুল উম্মাহ ইনস্টিটিউটের প্রধান পরিচালক মাওলানা মুজাম্মেল হোসেন রিয়াদ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সিকদার ও কাশিপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মারুফ মুর্তুজা।
বক্তারা বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও হানিট্র্যাপের মতো অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে।
মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাজিরহাট থেকে কাশিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা লাল কাপড় ও ঝাড়ু প্রদর্শন করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে প্রশাসনের প্রতি হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।