প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম
(ভিজিট : ২০)
চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ চট্টগ্রাম নগরে ব্যবসায়িক কাজ শেষে নিজের এসইউভি (জিপ) গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। ইছাপুর বাজারের চারা বটতলা এলাকা অতিক্রমের সময় দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ইটপাটকেল ছুড়ে তার গাড়ি থামানোর চেষ্টা করে। এরপর গাড়ি লক্ষ্য করে চারটি গুলিও ছোড়ে তারা। তবে গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসায় দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী এস এম শহীদুল্লাহ চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা এবং রাউজানে একাধিক ইটভাটার মালিক। তিনি জানান, ইটভাটা ব্যবসাকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কয়েকবার তাকে টার্গেট করে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এমনকি এর আগে তার বাড়িঘরেও হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে।