বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


স্বামীর মৃত্যুর পর বসতভিটা দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিধবার ন্যায়বিচারের দাবি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম  (ভিজিট : ৬৮)
গাজীপুরের কালীগঞ্জে এক বিধবা নারীকে বসতবাড়ি থেকে উচ্ছেদ এবং তার সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত মো. সিরাজুল ইসলামের স্ত্রী মাসুমা বেগম।

লিখিত বক্তব্যে মাসুমা বেগম জানান, ২০১০ সালের ৮ জুলাই ৬০৩৯ নম্বর হেবা দলিলের মাধ্যমে স্বামীর কাছ থেকে বসতঘরসহ ২৭ দশমিক ৫০ শতাংশ জমি তিনি পান। পরবর্তীতে সম্পত্তিটি নিজের নামে নামজারি, জমাভাগ এবং হালনাগাদ পর্যন্ত খাজনা পরিশোধ করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর ২০২২ সালের ৩১ অক্টোবর সকালে আব্দুল আউয়াল শেখ, তার ছেলে ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ (বকুল) ও জাইদুল ইসলাম শেখ স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এরপর পরিবারসহ তাকে উচ্ছেদ করে সম্পত্তি দখল করে নেয়।

তার দাবি, অভিযুক্তরা দখলকৃত জায়গায় ৭টি দোকান, একটি অফিস এবং একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ করে ভাড়া দিচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মাসুমা বেগম আরও বলেন, সম্পত্তি উদ্ধারের জন্য তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কালীগঞ্জ থানা এবং গাজীপুরের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর আইনি সহায়তা পাননি।
তিনি আরও অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর অভিযুক্তরা তাকে পৈত্রিক কবরস্থানে দাফন করতেও বাধা দেয়। বাধ্য হয়ে তিনি স্বামীর মরদেহ নিজের বাবার বাড়িতে দাফন করেন।

বর্তমানে বাকপ্রতিবন্ধীসহ চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি সম্পত্তি উদ্ধার ও ন্যায়বিচারের স্বার্থে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাসুমা বেগমের পুত্র মেহেদী হাসান শেখ, আনা নুর ইসলাম শেখ সাকিল, মিনহাজুর রহমান শেখ, মাজহারুল ইসলাম শেখ এবং তার বোন হালিমা বেগম, আলেয়া বেগম ও সালমা বেগম।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]