প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৪৫ পিএম
(ভিজিট : ৩৬৫)
গাজীপুরের জয়দেবপুর থানাধীন বিকেবাড়ী এলাকায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিকেবাড়ী এলাকার বাসিন্দা ও ইন্টারনেট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন (৩৮)।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে পাকা সড়কের পাশে মো. রাসেল (৩২) ও মো. আরিফ (২৫) প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। বিষয়টি দেখে অভিযোগকারী একজন সচেতন নাগরিক হিসেবে তাদের মাদক সেবনে বাধা দেন এবং স্থান ত্যাগ করতে বলেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে মো. রাসেল, মো. তারিকুল ইসলাম, মো. আরিফ, মো. তাইজুল ওরফে তাইফুল এবং জয়সহ ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, চাকু ও লোহার রড নিয়ে অভিযোগকারীর ভাগিনা মো. রাজিব হাসানের ইন্টারনেট অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর, উপস্থিত ব্যক্তিদের মারধর এবং অভিযোগকারীকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় অভিযোগকারী সরে গেলে চাপাতির কোপ অফিসের ওয়্যারড্রপে লাগে। হামলাকারীরা অফিসে থাকা প্রায় ২৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায় এবং একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলায় ইন্টারনেট ব্যবসার বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। অভিযুক্তরা মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় অভিযোগকারী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানানো হয়েছে।