প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম
(ভিজিট : ৪৩)
ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই মামলার প্রধান আসামি ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মিনহাজ উদ্দিন এ আদেশ দেন। জাহাঙ্গীর আলম সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাড়ি এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই গভীর রাতে উপজেলার চরখোন্দকার এলাকা থেকে মাছবোঝাই একটি পিকআপ কেচিদিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে চালককে জিম্মি করে পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালায়। পরে সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে মাছবোঝাই পিকআপটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে গত ৪ জুলাই সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়। মামলাটির নম্বর-০৩ (বার্ষিক নং-১২৪/২০২৬)।
মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।