প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম
(ভিজিট : ১৭)
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর সরকারি বেতনের একটি অংশ জেলার জুলাই শহীদ পরিবারের সদস্যদের সহায়তায় ব্যয় করছেন। ইতোমধ্যে তিনি চারটি জুলাই শহীদ পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। এবার আরও দুই শহীদ পরিবারের দুই সদস্যকে চাকরির ব্যবস্থা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
জানা গেছে, তাঁর সুপারিশে বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি সম্মান জানানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এরই মধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলা পরিদর্শন কক্ষে জুলাই শহীদ আবু সাঈদের ছেলে মামুন ইসলামও একই পদে যোগদান করেছেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ শাহ বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশে মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাঈদের ছেলে মামুন ইসলামকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনা ও সুপারিশে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা যেমন ১৯৭১-কে ধারণ করি, তেমনি ২০২৪-কেও ধারণ করি। সেই অঙ্গীকার থেকেই শপথ গ্রহণের পর সরকারি বেতন থেকে জেলার ছয়টি জুলাই শহীদ পরিবারের মধ্যে চারটি পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সহায়তা দিচ্ছি। পাশাপাশি দুই শহীদ পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করেছি।”