প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম
(ভিজিট : ১৩)
ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘদিনের প্রত্যাশিত ‘নজরুল সিটি শিশু পার্ক’ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পার্কটির উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
উদ্বোধন শেষে ত্রিশাল পৌরসভার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাকে মাত্র দুই মাস সময় দিন। দেখবেন ত্রিশালকে কীভাবে নতুন রূপে গড়ে তুলি। আজ নজরুল সিটি শিশু পার্কের উদ্বোধন হলো। এর কাজ দ্রুত সম্পন্ন হবে। তখন ত্রিশালের সৌন্দর্য সবাই দেখতে পাবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও একটি উপযুক্ত ও স্থায়ী স্থান নির্ধারণ করা হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ, ত্রিশালকে একটি আধুনিক নজরুল সিটিতে রূপান্তর করা হবে।”
তিনি আরও জানান, নজরুল সিটি বাস্তবায়নে ইতোমধ্যে ২০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও ২০০ থেকে ৩০০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ আনার জন্যও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, আব্দুল আওয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় ত্রিশাল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে আলম, কামরুল, শামীমসহ কয়েকজন ব্যবসায়ী তাঁদের বিভিন্ন দাবি, সমস্যা ও মতামত তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।