প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম
(ভিজিট : ৩৭)
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সঞ্জিব রায় (২৭)-এর বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরায়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের দাবি, মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত জনতা সঞ্জিব রায়কে মারধর করে। পরে তার গলায় জুতার মালা পরিয়ে বাজার এলাকায় ঘোরানো হয়। এ সময় তিনি হাতজোড় করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন। পরে তাকে তার বাবা শরৎ রায়ের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, অভিযুক্ত সঞ্জিব রায় সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, "ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"