শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম  (ভিজিট : ১৫)
জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে। পরিবারের মুখে হাসি ফোটাতে দিনরাত করতেন হাড়ভাঙা খাটুনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল লক্ষ্মীপুরের দুই সহোদর ভাইয়ের জীবন প্রদীপ। 

সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত দুই ভাই হলেন— সজীব ও সুজন। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ির বাসিন্দা এবং কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে। 

নিহতের সহকর্মী ও স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে সৌদি আরবের রিয়াদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফিরছিলেন সজীব ও সুজন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।

এদিকে, প্রবাসে দুই ছেলের অকাল মৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়। মুহূর্তেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের গনবিদারী আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। 

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও কামারহাট বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও পরিশ্রমী ছিলেন। সবার কাছেই তারা খুব প্রিয় ছিলেন। তাদের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। 

এই হৃদয়বিদারক ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। 

এদিকে, নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবারের সদস্যরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]