শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কুড়িগ্রামে বেকারত্ব দূর করতে যুবকদের টিটিসিমুখী হওয়ার আহ্বান ভারপ্রাপ্ত অধ্যক্ষের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিট : ১৬)
দক্ষতার অভাব ও কর্মসংস্থানের সংকটের কারণে কুড়িগ্রামে দিন দিন বেকারত্বের হার বাড়ছে। উচ্চশিক্ষা শেষ করেও অনেক তরুণ-তরুণী কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে জীবিকার তাগিদে বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে যুবসমাজকে টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টার (টিটিসি)-মুখী হওয়ার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. মেহেদী হাসান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কুড়িগ্রাম একটি হতদরিদ্র জেলা। জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের অনেক মেধাবী তরুণ-তরুণী সুযোগ ও তথ্যের অভাবে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। অথচ সরকার বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। কিন্তু এসব বিষয়ে জেলার অধিকাংশ মানুষের পর্যাপ্ত ধারণা নেই।
তিনি জানান, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, গার্মেন্টস, কম্পিউটার এবং জাপানি ভাষা শিক্ষা-সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এসব প্রশিক্ষণের আন্তর্জাতিক শ্রমবাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করে ইতোমধ্যে অনেক প্রশিক্ষণার্থী জাপানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. মেহেদী হাসান বলেন, অনেকেই শুধু সনদ অর্জনের উদ্দেশ্যে প্রশিক্ষণ নেন, কিন্তু বাস্তবে সেই দক্ষতার চর্চা করেন না। ফলে প্রশিক্ষণের সুফল পাওয়া যায় না। অন্যদিকে যারা নিয়মিত দক্ষতার চর্চা করেন, তারাই কর্মক্ষেত্রে সফলতা অর্জন করছেন।

তিনি আরও বলেন, একই ব্যক্তি একাধিক ট্রেডে প্রশিক্ষণ নেওয়ার প্রবণতাও একটি বড় সমস্যা। এতে নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটে এবং দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হয়। বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজারে ওয়েল্ডিং পেশার ব্যাপক চাহিদা থাকলেও কুড়িগ্রামের তরুণদের এ বিষয়ে আগ্রহ তুলনামূলক কম, যা উদ্বেগের বিষয়।

অধ্যক্ষের মতে, কিছু প্রশিক্ষণে আর্থিক সহায়তা ও বিনামূল্যে লাইসেন্স প্রদানের সুযোগ থাকায় অনেক স্বচ্ছল পরিবারের সন্তানও এসব কোর্সে ভর্তি হন। এতে প্রকৃত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হন। এ বিষয়ে যথাযথ বাছাই নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কুড়িগ্রামকে বেকারত্বমুক্ত করতে হলে যুবসমাজকে দক্ষতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশের কর্মবাজারে নিজেদের যোগ্য করে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে যারা বিদেশে যেতে আগ্রহী, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সবসময় পাশে থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]