শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আর্জেন্টিনা গোল খেতেই টয়াকে ‘কুফা’ বানিয়ে দিলেন নেটিজেনরা!
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম  (ভিজিট : ২৩)

বিশ্বকাপ সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টার এই জমজমাট লড়াইয়ে ইংল্যান্ডের পা থেকে প্রথম গোল আসতেই যেন স্তব্ধ হয়ে পড়েছেন কোটি আর্জেন্টিনা সমর্থক। প্রিয় দল এক গোল খেয়ে পিছিয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হতাশা। আর ঠিক এই মুহূর্তেই আর্জেন্টিনার জালে বল জড়ানোর পর একটি ফেসবুক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের চরম রসিকতার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া। তাকে সরাসরি ‘কুফা’ (অপয়া) তকমা দিয়ে মন্তব্যঘরে ঝড় তুলেছেন নেটিজেনরা। 

ইংল্যান্ড গোল দেওয়ার পরপরই নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন টয়া। সেখানে তিনি লেখেন, ‘আমার মনে হয় আর ফুটবল দেখা হবে নারে!’ পোস্টটি করা মাত্রই মুহূর্তের মধ্যে মন্তব্যঘরে হুমড়ি খেয়ে পড়েন ফুটবলপ্রেমীরা। অধিকাংশ মন্তব্যেই টয়াকে ট্রল করে ‘কুফা’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। ভক্তরা মন্তব্য করেছেন, ‘তুমি মিয়া আসলেই কুফা’, ‘কী দরকার ছিল আপনার আজ আর্জেন্টিনা সাপোর্ট করার কুফা!’, আবার কেউ লিখেছেন, ‘সব আপনার দোষ’। অনেকেই আবার রসিকতা করে তাকে অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘আপনি দয়া করে আর খেলা দেখবেন না’।

হঠাৎ করে টয়াকে নিয়ে নেটিজেনদের এমন মারমুখী অথচ মজার আচরণের পেছনে রয়েছে এক অদ্ভুত রহস্য। মূলত ম্যাচ শুরুর আগেই বুধবার (১৫ জুলাই) সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় টয়া নিজেই তার এই ‘কুফা’ উপাধির কথা প্রকাশ্যে এনেছিলেন। জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপে তিনি যে দলকেই সমর্থন করছেন, সেই দলই টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে। টয়ার প্রিয় দল মূলত জার্মানি। কিন্তু দলটি রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়। এরপর তিনি ব্রাজিল ও জাপানের ভালো খেলা দেখতে চাইলেও একে একে তারাও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

একের পর এক পছন্দের দলের এমন বিদায়ের পর টয়া রসিকতা করে একটি ‘নিরীক্ষা’ বা এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নেন। সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনের এই নিরীক্ষাটা এবার সিরিয়াসলি করব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, সেই দলও যদি বাদ পড়ে যায়, তাহলে আমি মেনে নেব, সমস্যাটা সত্যিই আমার! তাই এবার আমি আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায়, ফাইনালে উঠতে না পারে কিংবা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে নিজেকে কুফা ভক্ত হিসেবেই মেনে নেব এবং আর ফুটবল খেলাই দেখব না।’

টয়ার সেই মজার ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা গোল খেয়ে বসায় সমর্থকরা এখন তাকেই মজার ছলে বলির পাঁঠা বানাচ্ছেন। তবে এসব খুনসুটি যে নেটিজেনরা নিছক বিনোদনের অংশ হিসেবেই করছেন, তা মন্তব্যগুলোর প্রতিক্রিয়া দেখলেই স্পষ্ট বোঝা যায়। টান টান উত্তেজনার এই সেমিফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনার ভাগ্যে কী ঘটে এবং টয়া শেষ পর্যন্ত ‘কুফা’ তকমা থেকে মুক্তি পান কি না, তা দেখতে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]