প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম
(ভিজিট : ১২)
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় পিটুনিতে প্রাণ হারিয়েছেন মো. সিদ্দিক (৭০) নামে এক দারোয়ান। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এলাকার একটি গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, কিছুদিন আগে ওই গ্যারেজ থেকে একটি ব্যাটারি চুরি হয়েছিল। দারোয়ান সিদ্দিক সংশ্লিষ্টদের কাছে চুরি যাওয়া ব্যাটারি ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা যায়। পুলিশের ধারণা, এই চাপাচাপির জেরেই বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে এবং লাশ ফেলে রাখে সেই গ্যারেজেই।
ওসি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, তবে এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে।