মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াতে দাতব্য কনসার্ট অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম  (ভিজিট : ৩৬)
একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানে শুধু তাকে পড়তে শেখানো নয়; বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের ভবিষ্যৎ আলোকিত করা। সেই বিশ্বাস থেকেই কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী দাতব্য কনসার্ট।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে "চ্যারিটি কনসার্ট ফর চিলড্রেন" শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ।

গানের সুর, শিশুদের উচ্ছ্বাস আর মানবিকতার বার্তায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে অংশ নেন প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কমিউনিটির প্রায় ৮০০ মানুষ। তাদের উপস্থিতি যেন একটি বার্তাই তুলে ধরে, শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধু কোনো প্রতিষ্ঠান বা সরকারের দায়িত্ব নয়; এটি পুরো সমাজের সম্মিলিত অঙ্গীকার।

আয়োজকরা জানান, কক্সবাজার জেলার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও নৈতিক বিকাশ এবং নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন ধরে কাজ করছে গুড নেইবারস বাংলাদেশ। একই সঙ্গে তরুণ স্বেচ্ছাসেবকদের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর (কান্ট্রি হেড) মি. বার্টিন গোমেজ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মামনুল আহমেদ অনিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  রিয়েল মিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন গুড নেইবারস বাংলাদেশের স্বেচ্ছাসেবক মেহেদী হাসান ও নাজমা সুলতানা রিফা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উখিয়া সিডিপির ম্যানেজার ও সিডিপি ইনচার্জ সুজয় সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষা নিশ্চিত করা মানেই একটি জাতির ভবিষ্যৎকে শক্তিশালী করা। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের আরও বেশি করে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে হবে। কারণ আজ যে শিশুটি সহায়তার অপেক্ষায়, আগামী দিনের নেতৃত্ব হয়তো তার হাতেই গড়ে উঠবে।

দিন শেষে কনসার্টের সুর থেমে গেলেও রয়ে যায় একটি প্রত্যাশা, সমাজের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ নিয়ে বেড়ে ওঠে, শিক্ষার আলোয় আলোকিত হয় এবং স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন পূরণের পথও খুঁজে পায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]