মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিট : ৯)
গাজীপুরের কালীগঞ্জে পৈতৃক জমিতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. হারিছুল ইসলাম (২৬) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দক্ষিণ নারগানা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে জনি, জরিনা বেগমের ছেলে জুয়েলসহ অজ্ঞাত কয়েকজন তাদের জমিতে থাকা প্রায় ২০টি ফলজ গাছের চারা উপড়ে ফেলেন। পরে তারা হারিছুল ইসলামের বাবা চান মিয়াকে গালিগালাজ করে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হামলা চালান।

এতে আরও বলা হয়, জনি চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে চান মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় হারিছুলের ভাই তারিকুল ইসলাম (৩০) ও তার মাকেও মারধর করা হয়। পরে হামলাকারীরা আলমারি ভাঙচুর করে নগদ ৩৫ হাজার টাকা ও প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যান এবং পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেন।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত জনি ও জুয়েলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]