প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম
(ভিজিট : ৩৩)
লক্ষ্মীপুরে জোরপূর্বক জমি দখলসহ ঘর নির্মাণের চেষ্টায় বাধা দেওয়ায় মামুনুর রশিদ নামে এক ব্যবসায়ী পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। এতে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী মামুন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সপরিবারে আতঙ্কে থাকার বিষয়টি গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন। মামুন সদর উপজেলার চররুহিত ইউনিয়নের তাজুল ইসলাম ভূঁইয়া বাড়ির মৃত মিজানুর রহমান ভূঁইয়ার ছেলে ও পেশায় ব্যবসায়ী।
মামুন জানান, তার চাচা এরফানুর রহমান মারা যাওয়ার আগে সকল সম্পত্তি বিক্রি করে যায়। ওয়ারিশসূত্রে পাওনা জমির চেয়েও বেশি তিনি বিক্রি করেছিলেন। এখন তার কোন জমি নেই। তিনি তার সন্তানদের জন্য কোন জমি রেখে যাননি। কিন্তু তার ছেলে সালামত উল্যা এখন বাড়ির মাঝখানে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের চেষ্টা করে। ওই জমিটি মামুনদের। ঘর নির্মাণে বাধা দিলে সালামত উল্যা লোকজন দিয়ে তাদের হত্যার হুমকি দেয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ জুন মামুনদের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে সালামত। বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালামতের লোকজন তার ওপর হামলার চেষ্টা করে। এ ঘটনায় তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ২২ জুন মামুন বাদী হয়ে জেলা পুলিশ সুপার বরাবর সালাম উল্যা, তার স্বজন মাহবুবুর রহমান লিটন ও মাকছুদুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ঘটনাটি নিয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপার কার্যালয় থেকে সদর থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল করিমকে দায়িত্ব দেওয়া হয়। এতে উভয়পক্ষকে নিয়ে ৭ জুলাই বৈঠক ডাকা হলেও সালামতরা আসেনি।
সালামত উল্যা বলেন, আমার বাবা জমি বিক্রির চেয়েও বেশি ক্রয় করেছে। মামুনের বাবার কাছ থেকেও ৬ শতাংশ জমি ক্রয় করা হয়। কিন্তু রেজিষ্ট্রি নেওয়া হয়নি। ঘটনাস্থলে আমাদের পূর্বের ঘর ছিল। এখন ওই স্থানে ঘর করতে গেলে মামুন বাধা দিয়ে আসছে।
সদর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম বলেন, আমার উভয়পক্ষকে ডেকেছি। কিন্তু সালামত আসেননি। এখন নতুন করে তারিখ দিয়ে তাদের ডাকা হবে।