সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, প্রতিবাদ সভা ও গণবিক্ষোভ
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম  (ভিজিট : ৬০)
গাজীপুরের কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে কাপাসিয়া মোড়ে তুমলিয়া সমাজকল্যাণ সংঘ, যুব সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন মোল্লা সাজ্জাত, তুমলিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মজিদ, শ্রমিকদল নেতা জসিমউদ্দিন, তুমলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ বুলবুল দেওয়ান এবং সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস।

বক্তারা বলেন, তুমলিয়া এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের করাল গ্রাসে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক ব্যবসা ও মাদক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের সমাজে কোনো স্থান নেই। একই সঙ্গে মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা। যুবসমাজকে সঙ্গে নিয়ে প্রতিটি এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি গণবিক্ষোভ বের হয়। বিক্ষোভ মিছিলটি কাপাসিয়া রেলগেট, আড়িখোলা রেলস্টেশন, শ্রমিক কলেজ মোড় ও বোয়ালী ব্রিজ প্রদক্ষিণ করে তুমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]