প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম
(ভিজিট : ৮)
মীরসরাই উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫)। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈদালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত আলাউদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে মোটরসাইকেলে করে পরিদর্শনে বের হয়েছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ্রা দাশ জানান, আহত অবস্থায় আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হলেও পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে যায়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দায়িত্ব পালনের সময় এই আনসার কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি ইতোমধ্যে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।