সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কেপ ভার্দে কি ঘুম ভাঙাল আর্জেন্টিনার?
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম  (ভিজিট : ২৮)

মনে আছে সৌদি আরবের কথা! ২০২২ সালের ২২ নভেম্বর লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়েছিল তারা। পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল। পরের দৃশ্য ভিন্ন। একে একে সব বাধা ডিঙিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৩৬ বছরের খরা কাটায়। সেই ‘লজ্জাজনক’ হারের ভেন্যুতেই ফ্রান্সকে হারায় তারা। লিওনেল মেসি তার অধরা ট্রফি হাতে নেন।

প্রায় সাড়ে তিন বছর পর সৌদি আরবের কথা আসছে কেন? কারণ ওই হারের পর অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল আর্জেন্টিনা। বলা যায়, ঘুম ভেঙেছিল তাদের। ভাঙিয়ে দিয়েছিল সৌদি আরব। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে এসে আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার করেছে কোনো বাধা ছাড়াই। কোনো পরীক্ষাই দিতে হয়নি। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে পরাজিত করে শেষ ৩২ নিশ্চিত করে তারা। সামনে পড়েছিল নবাগত কেপ ভার্দে। চলতি বিশ্বকাপে যাদের কোনো হার নেই। অবশ্য কোনো জয়ও নেই। কিন্তু স্পেন, উরুগুয়ে আর সেই সৌদি আরবকে রুখে দিয়ে তাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। যার পুরো প্রভাব পড়ল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

প্রত্যাশিতভাবে আর্জেন্টিনা তাদের হারিয়ে দিয়েছে। কিন্তু তারা যে এমন প্রতিরোধ গড়ে তুলবে, তা হয়তো হাতে গোনা মানুষ আশা করেছিল। টুর্নামেন্টের নবাগত একটি দলের কাছে প্রায় হারের দ্বারপ্রান্তে যাওয়া। স্বাভাবিকভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মনে নতুন কিছু সংশয় তৈরি হয়েছে।

কেপ ভার্দে দুই দুইবার ম্যাচে সমতায় ফেরে। দক্ষিণ আমেরিকান দলটির রক্ষণভাগের দুর্বলতাগুলো স্পষ্ট হয়েছে তাতে। অবশেষে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর একটি হেডারে স্বস্তি ফেরে। কেপ ভার্দের ডিনি বোর্গেসের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। তাতে ঘাম ছুটানো ম্যাচটি জেতে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি আগেই সতর্ক করেছিলেন। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের সাথে ড্র করা কেপ ভার্দে বিপজ্জনক হয়ে উঠতে পারে জানতেন। তবে এতটা তোপের মুখে পড়তে হবে তা হয়তো কল্পনাও করেননি।

গ্রুপ পর্বে তিন ম্যাচে সহজ জয় নিয়ে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের এই কষ্টার্জিত জয় সেই ছন্দে পতন ঘটাল। আগামী মঙ্গলবার আটলান্টায় মিসরের বিপক্ষে শেষ ১৬-র ম্যাচ। কেপ ভার্দের বিপক্ষে পারফরম্যান্স আর্জেন্টিনার ওপর চাপ ও সমালোচনা আরও বাড়িয়ে দিতে পারে।

আগের তিন প্রতিপক্ষ কেমন ছিল তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও তারা জুনে আইসল্যান্ডের বিপক্ষে খেলেছিল। কিন্তু সেটি ছিল ২০২২ সালের বিশ্বকাপের পর কোনো ইউরোপীয় দলের বিপক্ষে তাদের প্রথম খেলা। ফলে তাদের রক্ষণভাগকে এর আগে তেমন কঠিন কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি।

১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে খেলা রিভার প্লেটের সাবেক কোচ মার্সেলো গ্যালার্দো ইঙ্গিত দিয়েছেন যে, এই ম্যাচটি একটি সতর্কবার্তা হতে পারে। ইএসপিএন আর্জেন্টিনাকে তিনি বলেন, ‘যা ঘটেছে তা ভালোই হয়েছে। এর একটি প্রতিক্রিয়া তৈরি হবে, আর প্রতিক্রিয়া হওয়াটা জরুরি।’

প্রথমার্ধে বিশ্বকাপে নিজের রেকর্ড ২০তম গোলটি করা মেসি ম্যাচের ধকলের কথা স্বীকার করেছেন। ৩৯ বছর বয়সী এই অধিনায়ক জানান যে, মাঠের ওপরের দিকে বলের দখল ফিরে পেতে ভুগেছেন তিনি। তাতে ম্যাচ শেষে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। মেসি বলেন, ‘ওদের পায়ে বল ছিল এবং ওরা আমাদের প্রচুর খাটিয়েছে, কারণ আমরা ঠিকমতো প্রেসিং করতে পারছিলাম না। আমাদের রক্ষণ ও আক্রমণভাগের লাইনের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল।’

তবে স্কালোনি দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতার ওপর জোর দিয়েছেন। ম্যাচের আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। কোচ বলেন, ‘উন্নতি করার সুযোগ সবসময়ই থাকে। তবে কঠিন মুহূর্তে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলেছি না খারাপ খেলেছি তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে এই দল ম্যাচের নিয়ন্ত্রণ নিতে কখনো পিছিয়ে যায় না।’

আর্জেন্টিনার এই জয়ে বড় ভূমিকা রেখেছেন কারা? সম্প্রতি ইনজুরির ধাক্কা কাটিয়ে ফেরা দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও রোমেরো। ২০২৫ সালের শুরুতে এসিএল ইনজুরিতে পড়া লিসান্দ্রো আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন। জয়সূচক গোল করেন রোমেরো। অথচ টুর্নামেন্টের শুরুর দিকে হাঁটুর সমস্যায় মাঠের বাইরে ছিলেন তিনি।

লিসান্দ্রো বলেন, ‘আমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি তা সত্যিই খুব কষ্টের ছিল। তবে আমার ক্লাব ও জাতীয় দলকে ধন্যবাদ। আজ আমি অত্যন্ত আনন্দিত। ডাক্তার ও কোচিং স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে এখানে খেলার সুযোগ করে দিয়েছেন। আমি এখন মেঘের রাজ্যে ভাসছি।’

মিসরের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা দল শনিবারই অনুশীলনে ফিরেছে। রক্ষণের ফাঁকফোকড় বের হয়েছে। বের করেছে কেপ ভার্দে। এখন সেগুলো সংশোধন করার পালা। নয়তো সামনে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে। সৌদি আরবের মতো তাহলে কেপ ভার্দেও কি আর্জেন্টিনার ঘুম ভাঙাল?








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]