প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২১ পিএম
(ভিজিট : ১৭)
সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। বেকার যুবক-যুবতীরা নিজেদের পরিবার ও সমাজের বোঝা মনে করে হতাশায় মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে মাদকাসক্তির প্রবণতা অনেকাংশে কমে আসবে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
তিনি বলেন, মাদক ব্যবসা, সেবন ও পরিবহন প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বয়ে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে প্রতি মাসে ইউনিয়নভিত্তিক অন্তত একটি করে মাদকবিরোধী সভা ও সেমিনার আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু এবং সাংবাদিক আল-আমিন দেওয়ান।