প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম
(ভিজিট : ১৩)
বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য “বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। আগামী ৫ জুলাই ২০২৫ তারিখে ব্রাসেলসের Espace Lumen Center-এ অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। মেলায় অংশ নেবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন, মাসুদ রানা, মিজানসহ আরও কয়েকজন শিল্পী। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকবে গান, নাচ ও বিনোদনের নানা আয়োজন।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলা ঐতিহ্যবাহী খাবারের স্টল, চা-কফি ও বিভিন্ন পানীয়, আকর্ষণীয় পুরস্কার এবং বাংলাদেশি সংস্কৃতির নানা উপস্থাপনা। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও পরিচিত করে তুলবে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বৈশাখী মেলা দীর্ঘদিন ধরেই বাংলা সংস্কৃতি, সংগীত ও খাদ্য ঐতিহ্যকে একত্রে উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এমন আয়োজন নিয়মিত হয়ে থাকে।
বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম সকল প্রবাসী বাংলাদেশি ও সংস্কৃতিপ্রেমীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।