প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:২২ পিএম (ভিজিট : )
চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত শ্রীশ্রী রাধামাধব মন্দিরে সম্প্রতি হামলার ঘটনা এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর তথ্যের জবাব দিতে আজ সোমবার (৮ জুন) মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেছে ইসকন কর্তৃপক্ষ। সংগঠনটির পক্ষ থেকে সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর গৌরহরি দাস, যুগধর্ম দাস, পণ্ডিত গদাধর দাস, অকিঞ্চন গৌর দাস, তারণ নিত্যানন্দ দাস, রূপেশ্বর গৌরাঙ্গ দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, মুকুন্দ ভক্তি দাস, সুবলসখা শ্যাম দাস, শচীদুলাল প্রেমসাগর দাস, অপূর্ব মনোহর দাস প্রমুখ।
ইসকন নেতৃবৃন্দ জানান, গত ৫ জুন রাতে একদল দুর্বৃত্ত মন্দির প্রাঙ্গণে হামলা চালায়, ভাঙচুর করে এবং উপস্থিত ভক্তদের ওপর সরাসরি আক্রমণ করে। এতে বেশ কয়েকজন ভক্ত গুরুতর আহত হন। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার আগেও কিছু ব্যক্তি মন্দিরের প্রবেশপথ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করেছিল। এ বিষয়ে ইসকন প্রশাসনকে অবহিত করে এবং থানায় সাধারণ ডায়েরি দায়ের করে।
ইসকনের নেতারা জানান, শ্রীশ্রী রাধামাধব মন্দির ও এর সংশ্লিষ্ট সম্পত্তি দীর্ঘদিন ধরেই আইনসম্মতভাবে ইসকনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এই সম্পত্তিতে তাদের বৈধ অধিকার সম্পূর্ণ অক্ষুণ্ণ। একটি স্বার্থান্বেষী মহল জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ইসকনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলা হয়, সনাতন সম্প্রদায়ের সঙ্গে ইসকনের কোনো বিরোধ নেই। এই বিভেদ তৈরির চেষ্টা সম্পূর্ণ কৃত্রিম এবং তৃতীয় পক্ষের ইন্ধনে পরিচালিত।
ইসকন কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যেকোনো তথ্য বিশ্বাস করার আগে সঠিক সূত্র থেকে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের প্রত্যয় ব্যক্ত করা হয়।