প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:১৯ পিএম (ভিজিট : )
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাত্র চার বছর বয়সী এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নতুন অগ্রগতি এসেছে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে আমলে নিয়েছেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আগামীকাল মঙ্গলবার (৯ জুন) একমাত্র অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।
সোমবার (৮ জুন) ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এই আদেশ দেন। শুনানির সময় অভিযুক্ত মনির হোসেন আদালতে সশরীরে উপস্থিত ছিলেন।
গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটির বাবা মেহেদী হাসান বাকলিয়া থানায় মামলা করেন। পরদিনই পুলিশ অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
অভিযুক্ত মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে ভাড়া থাকতেন।
গ্রেপ্তারের পর মনির হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় রেকর্ড করা হয়েছে।
গত ৪ জুন তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্যপ্রমাণ এবং আসামির স্বীকারোক্তি সব মিলিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। মামলায় মোট ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। এখন অভিযোগপত্র আমলে নিয়ে আগামীকালের মধ্যে অভিযোগ গঠনের পথ তৈরি হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।