প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:২৬ পিএম (ভিজিট : )
মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাম চরণ অভিনীত নতুন সিনেমা ‘পেডি’। তবে সমালোচনার মধ্যেও বক্স অফিসে দুর্দান্ত ছন্দে এগোচ্ছে ছবিটি।
দর্শকদের ব্যাপক সাড়া এবং শক্তিশালী উদ্বোধনী সংগ্রহের সুবাদে মাত্র তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১৯১ কোটি রুপির বেশি আয় করেছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, তিন দিনে ‘পেডি’র বৈশ্বিক গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৯১ দশমিক ৭ কোটি রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ১৪৯ দশমিক ৭ কোটি রুপি গ্রস এবং ১২৫ দশমিক ২৫ কোটি রুপি নেট আয়। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ৪২ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৩৫ দশমিক ৩৬ কোটি রুপি আয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ছবিটি। একই সঙ্গে এটি রাম চরণের ক্যারিয়ারের অন্যতম সেরা উদ্বোধনী সাফল্য হিসেবেও বিবেচিত হচ্ছে।
দ্বিতীয় দিনে আয়ে কিছুটা ধীরগতি দেখা গেলেও তৃতীয় দিনে আবার ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, শনিবার ভারতে সিনেমাটির নেট আয় ছিল প্রায় ২৮ দশমিক ৮৫ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতি অব্যাহত থাকলে খুব শিগগিরই ২০০ কোটি রুপির বৈশ্বিক আয়ের মাইলফলক স্পর্শ করবে ‘পেদ্দি’। ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন বাজারে এখনও জোরালোভাবে চলছে সিনেমাটির প্রদর্শনী।
ট্রেড সূত্রের তথ্য অনুযায়ী, ‘পেডি’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৫০ কোটি রুপি। তবে কিছু প্রতিবেদনে সিনেমাটির বাজেট ২৫০ থেকে ৩০০ কোটি রুপির মধ্যে বলে উল্লেখ করা হয়েছে।