মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গাড়ির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদী ইপিজেডের ফটক বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:৩২ পিএম  (ভিজিট : ৩৮০)
পাবনার ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের যাতায়াত ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষের জেরে সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে কয়েক ঘণ্টার জন্য ইপিজেডে প্রবেশ ও বের হওয়ার কার্যক্রম ব্যাহত হয় এবং ফটকের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন।

আজ শনিবার ( ৯মে ) সকালে ইপিজেড গেটের সামনে এ বিক্ষোভ মিছিল হয়। 

জানা যায়, সম্প্রতি শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই শ্রমিকরা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনের খবর পেয়ে বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের কিছু দাবি ও ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছিল। আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা প্রধান ফটকের তালা খুলে দেন এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। ঘণ্টাখানেকব্যাপী চলা এ আন্দোলনের সময় ইপিজেডের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]