মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


পিস্তল দেখিয়ে হত্যার হুমকি: ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম  (ভিজিট : ২৫)
ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।হামলার সময় পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। পাবনা জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ধারাবাহিক অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত জনি প্রামানিক (৩৩) উপজেলার সাঁড়া ইউনিয়নের আরমবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জনির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের বাড়ির পেছনে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসত। এ নিয়ে জনি প্রামানিক ও তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ জানানো হলে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্তরা প্রথমে জনির ছোট ভাইকে মারধর করে। বিষয়টি থামাতে গেলে দেশীয় অস্ত্র, চাকু, লাঠি ও লোহার রড নিয়ে জনি প্রামানিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত সবুজ সরদার ও জয় সরদার তাদের কাছে থাকা কালো ও সাদা রঙের পিস্তল প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে জনিকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাকু দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে বেদম মারধর করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ছুরিকাঘাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]