প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম
(ভিজিট : ১৭)
চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকায় দুর্ধর্ষ মাদক কারবারি আলমগীরকে গ্রেফতার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের সহিংস হামলার শিকার হয়েছেন দুই উপপরিদর্শকসহ (এসআই) সাতজন পুলিশ সদস্য।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইন সংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এসআই মহসিন উদ্দিন রুবেল (দেওয়ানহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ) ও এসআই মমিনুল ইসলামের (আগ্রাবাদ পুলিশ ফাঁড়ি ইনচার্জ) নেতৃত্বে একটি পুলিশ দল আলমগীরকে গ্রেফতারে অভিযান চালাতে গেলে হঠাৎ একদল কিশোর গ্যাং সদস্য পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পাথর নিক্ষেপ শুরু করে। এতে দুই এসআইসহ সাত পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান, যেখানে কয়েকজনকে ভর্তি করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, খুলশী ঝর্ণাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল আলমগীর। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে সে একাধিক কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও আছে। স্থানীয়দের ভাষ্যমতে, আলমগীরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে এবং বারবার গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। তার পরিবারের একাধিক সদস্য মা রেনু বেগম ও ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হন স্থানীয় বাসিন্দারা এবং সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা চালান। এতে আলমগীরের অনুসারীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ডবলমুরিং থানার ওসি মো. শাহীনূর আলম জানান, আলমগীরকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছিল এবং পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত রাত ১১টার দিকে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫ মামলার শীর্ষ মাদক কারবারি আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।