সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ কোরিয়ায় ‘ইজেন বাইতুল আমান মসজিদ’-এ মাদ্রাসা চালুর উদ্যোগ
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:০৭ পিএম  (ভিজিট : ২৩৭)
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলিম সমাজের শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে ‘ইজেন বাইতুল আমান মসজিদ’। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ মাদ্রাসা কার্যক্রম চালুর লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে, যা ইতোমধ্যে স্থানীয় অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মসজিদ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক অভিভাবক সভায় প্রস্তাব এনে আজ পহেলা মে সর্বসম্মতিক্রমে ‘ইজেন বাইতুল আমান মাদ্রাসা’ চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় উপস্থিত অভিভাবকবৃন্দ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে শিশুদের জন্য একটি সুসংগঠিত ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় "আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ" বিভাগ তথা, কুরআন তিলাওয়াতসহ তাজবীদ শিক্ষা, আকীদা, ফিকহ ও সীরাত বিষয়ক পাঠদান করা হবে। পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া ও আমল, নামাজসহ বিভিন্ন ইবাদতের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। শিশুদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বাংলা ভাষা শিক্ষার প্রতিও সমান গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাতৃভাষার সঙ্গে সংযোগ বজায় থাকে।

মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও আইন অনুষদের স্নাতক, ইমাম সাইয়েদ আল আমিন আজহারি। তিনি ইসলামিক স্টাডিজ ও অর্থনীতি বিষয়ে গবেষণার সঙ্গে সম্পৃক্ত এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় নিয়মিত লেখালেখি করে থাকেন।

আগামী ৩ মে ২০২৬ (রবিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হবে। সপ্তাহে তিন দিন—রবিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বুধবার ও শুক্রবার মাগরিব থেকে এশা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। উৎসাহ মূলকভাবে শিক্ষার্থীদের জন্য মাঝে মাঝে পুরস্কার প্রদানের ব্যবস্থাও থাকবে।

অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হবে, যেখানে ক্লাস সংক্রান্ত সকল আপডেট প্রদান করা হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক মান এবং বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম অনুসারে আরবি, বাংলা, ইংরেজি ও গণিত বিষয় অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশে ফিরে গিয়ে সহজেই মূলধারার শিক্ষাব্যবস্থায় সংযুক্ত হতে পারবে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অভিভাবক সভায় উপস্থিত থাকতে পারেননি, তারাও তাদের মতামত প্রদান এবং সন্তানদের ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য একটি সুশৃঙ্খল, নৈতিক ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘ইজেন বাইতুল আমান মসজিদ’ দক্ষিণ কোরিয়ার গিয়ংগি-দো প্রদেশের গিম্পো-সি এলাকায় অবস্থিত এবং এটি প্রবাসী মুসলিমদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]