প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম
(ভিজিট : ৩৭৭)
পবিত্র রমজান উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি ইন কোরিয়ার ইফতার মাহফিল।
আজ রবিবার (১৫ মার্চ) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু সিটির খুনজিয়াম বাইতুর রহমান মসজিদে চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ, মসজিদের সভাপতি মাওলানা শামসুল হক, লক্ষ্মীপুর জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
তিন শতাধিক বাংলাদেশি প্রবাসীর উপস্থিতিতে কিছু সময়ের জন্য মসজিদ প্রাঙ্গণ যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সাধারণত রবিবার ছুটির দিন হওয়ায় এ ধরনের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সবাই একসঙ্গে ইফতার করার মাধ্যমে প্রবাস জীবনের যান্ত্রিকতার মাঝেও কিছুটা স্বস্তি ও আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটির সভাপতি আব্দুল মালেক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কোরিয়ায় প্রবাস জীবনযাপনকারী চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রবাসীর পাশে সবসময়ই কমিউনিটি থাকবে। যেকোনো প্রয়োজনে সবাইকে কমিউনিটির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোরিয়ার আইন মেনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি এক শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি ইরানে ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।