প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সম্মাননা স্মারক প্রদান এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
সোমবার সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিকেলে পাইলট স্কুল মাঠে ব্যবসায়ীদের জোড় ও বিজোড় দুই দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজোড় দল ১–০ গোলে জোড় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়সূচক গোলটি করেন শিহাব হোসেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জনি আহমেদ।
পরে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মাহবুবুর রহমান সুরুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. মোস্তফা হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিধুল ঘোষ এবং নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করে নবগঠিত কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সদস্য জুয়েল বণিক, দুলাল মিয়া, সাব্বির হোসেন, আল-আমিন, মামুন মিয়াসহ আরও অনেকে।