মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, নোটিশ চাইলেন অর্থমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিট : ১২)

চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর দাবি, বর্তমানে চালু দুটি টার্মিনালের তুলনায় প্রস্তাবিত টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ বেশি এবং ১৫ বছর মেয়াদি চুক্তি শেষে এর মালিকানাও বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না। এ বিষয়ে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে ব্যাখ্যা ও প্রকল্প বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি আলাদা নোটিশ দিয়ে প্রশ্ন উত্থাপনের পরামর্শ দেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রমে বিষয়টি উত্থাপন করেন আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে আলাদাভাবে নোটিশ দিয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি। এ পর্যায়ে সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, যে চীনা কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, তারা দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার।

বিরোধী জোটের এই সংসদ সদস্য বলেন, বর্তমান দুটি টার্মিনালের মেয়াদ শেষ হলে এগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনালটি নির্মাণকারী কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষে এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না।

তিনি আরও অভিযোগ করেন, নতুন প্রকল্পের প্রস্তাব কয়েক মাস আগে একই ভাষা ও একই পদ্ধতিতে সংসদের একজন সদস্যের নাতির একটি কোম্পানির পক্ষ থেকেও উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়। কিন্তু পরে নতুন করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

আখতার হোসেন বলেন, বর্তমান দুটি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের বিষয়গুলো অনুপাতে বিশ্লেষণ করলে নতুন টার্মিনালে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ অবস্থায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নয়। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করছি, আপনি এই বিষয়টি আলাদাভাবে প্রশ্ন করে নিয়ে আসেন, এটা নোটিশ দেন। সঠিক উত্তর দেওয়া হবে, আপনার চিন্তার কোনও কারণ নেই।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]