মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম  (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে নজরদারি জোরদার করতে বলা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে অধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথি ও তাঁদের যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।

ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]