প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম
(ভিজিট : ১৩)

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রায় ৫০ দিন আগে বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোট হবে।
প্রথম ধাপের নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের প্রায় ৫০ দিন আগে বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
ইসি সানাউল্লাহ আরও বলেন, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। প্রাথমিকভাবে তিন ধাপে এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।