শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিট : ৯)

প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকার, স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য কেবল ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডায়াবেটিসকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগজনক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগটির জটিলতা কখনো কখনো জীবনহানির কারণও হয়ে দাঁড়ায়।

তবে সময়মতো রোগ শনাক্ত করা, যথাযথ চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও পরবর্তী জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। অন্যদিকে, যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বাণীতে তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে তিনি এ অর্জনকে দেশের জন্য গৌরবের বিষয় হিসেবে তুলে ধরেন।

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তারেক রহমান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]