শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: হেলাল
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম  (ভিজিট : ১১)

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার মানোন্নয়ন এবং সমতলের শিক্ষার্থীদের সঙ্গে পাহাড়ের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যাতে সমতলের শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে সরকার ও তিন পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করবে।

শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবন মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু। সঞ্চালনা করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ সালেহ আহমেদ, রাঙামাটি সদর জোন কমান্ডার পিএসসি লেফটেন্যান্ট কর্নেল মো. ইকরামুল রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও মো. ফারুক আহমেদ সাব্বিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মীর হেলাল বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো রাঙামাটি জেলার জন্য গর্বের বিষয়। শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধার বিকাশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে দীপেন তালুকদার দীপু বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষাবৃত্তি প্রদান এবং সবার জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে।

আলোচনা শেষে জেলার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটির কাউখালী উপজেলায় মিতিংগাছড়ি সেতুর উদ্বোধন করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]